শায়খ মুহাম্মাদ আওয়ামা হাফি. এর বরকতপূর্ণ সান্নিধ্যে

শায়খ মুহাম্মাদ আওয়ামা  হাফি.। শায়খ মুহাম্মাদ আওয়ামা ১৯৪০ খ্রিস্টাব্দে সিরিয়ার ঐতিহাসিক নগরী হালাব বা আলেপ্পোতে জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব ও কৈশোর কেটেছে এমন এক ইলমি পরিবেশে, যেখানে প্রাচীন ধারার মাদরাসা-শিক্ষা, উলামায়ে কেরামের সান্নিধ্য এবং ইলম-আমলের সমন্বিত তারবিয়াত ছিল শিক্ষাজীবনের স্বাভাবিক অংশ। তিনি আলেপ্পোর প্রাচীন শরয়ি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করেন এবং সেখানকার প্রবীণ আলেমদের কাছ থেকে কেবল কিতাবের জ্ঞানই নয়, বরং আদব, আখলাক, তাকওয়া ও ইলমের প্রতি গভীর নিষ্ঠার শিক্ষাও গ্রহণ করেন। পরবর্তীতে তিনি প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষার ধারায় প্রবেশ করে ১৯৬৭ সালে দামেস্ক বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ অনুষদ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

তার ইলমি জীবনে দুজন মহান ব্যক্তিত্বের প্রভাব বিশেষভাবে উল্লেখযোগ্য। একজন হলেন শায়খ আবদুল্লাহ সিরাজুদ্দীন রহ.  এবং অপরজন হলেন আল্লামা আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ রহ.। বিশেষত আবু গুদ্দাহ রহ. এর সান্নিধ্যে তিনি প্রাচীন কিতাবের পাণ্ডুলিপি অনুসন্ধান, বিভিন্ন নুসখা পরস্পরের সঙ্গে মিলিয়ে দেখা, জরাহ, তাদিল, তাসহিহ, তাজয়িফ এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে কিতাব সম্পাদনার যে অসাধারণ পদ্ধতি রপ্ত করেন, পরবর্তী জীবনে তার তাহকিকি কাজের মধ্যে তার সুস্পষ্ট প্রতিফলন দেখা যায়।

হালাবের পর তার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় মদিনা মুনাওয়ারায়। ১৯৮০ খ্রিস্টাব্দে তিনি মদিনায় চলে যান এবং সেখানে দীর্ঘকাল লেখালেখি, গবেষণা ও প্রাচীন ইসলামী গ্রন্থের তাহকিকে নিজেকে নিয়োজিত করেন। মদিনার সেই ইলমি পরিবেশে তাঁর কলম থেকে যেমন গুরুত্বপূর্ণ মৌলিক গ্রন্থ বেরিয়েছে, তেমনি তার নিপুণ তাহকিকের মাধ্যমে বহু প্রাচীন কিতাব নতুন করে পাঠকের হাতে পৌছেছে। তার গবেষণাকর্মের ব্যাপ্তি এত বিস্তৃত যে, তাকে নিয়ে ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে তাঁর হাদিস সংশ্লিষ্ট কর্মযজ্ঞের বিভিন্ন দিক আলাদাভাবে আলোচনা করা হয়েছিল।

উসমানি আমলে প্রতিষ্ঠিত ঐতিহাসিক দারুল হাদিস সুলায়মানিয়্যাহ দীর্ঘ সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হলে ২০১৮ সালে শায়খ মুহাম্মাদ আওয়ামাকে সেখানে শায়খ হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তিনি সেখানে ‘তাদরীবুর রাবি’ পাঠদান শুরু করেন। এভাবে ইস্তাম্বুলের ঐতিহাসিক মাটিতে আবারও হাদিসের দরসের একটি প্রাণবন্ত ধারা প্রবাহিত হতে থাকে। বর্তমানে শায়খ ইস্তাম্বুলে থাকেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের সংকলিত গ্রন্থ নিয়ে গবেষণার জন্য বিশ্ববরেণ্য মুহাদ্দিস শায়খ মুহাম্মদ আল-আওয়ামাকে  ২০২৪ সালের ২০ জানুয়ারি, শুক্রবার ইস্তাম্বুলের বিখ্যাত সুলায়মানি মসজিদে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য আয়োজনে তাকে আসমাউল হুসনা লেখা সম্মাননা পদক তুলে দেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোয়ান।

এ সময় উপস্থিত ছিলেন দেশটির ধর্মবিষয়ক প্রধান ড. আলী ইরবাশ, উচ্চশিক্ষাবিষয়ক প্রধান আরুল উজওয়ার, উপসাগরীয় উলামা পরিষদের সভাপতি আজিল আল-নাশমি, ইবনে খালদুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

শায়খ মুহাম্মাদ আওয়ামা হাফি. যেমনভাবে অসংখ্য কিতাব রচনা করেছেন, তেমনভাবে শায়খ   অসংখ্য কিতাব তাহকিক করে পাঠকের সামনে পেশ করেছেন। শায়খের জীবনের অন্যতম কিরদার  হলো, মুসান্নাফে ইবনে আবি শায়বা  এর তাহকিক।

মুসান্নাফ ইবনু আবি শায়বা’ নামটি হাদিসের ছাত্রদের কাছে অপরিচিত নয়। এটি কেবল একটি হাদিসের কিতাব নয়, বরং হাদিস, আছার, ফিকহি বক্তব্য ও আমলের এক সুবিশাল ভাণ্ডার। এর পাতায় পাতায়  রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের পাশাপাশি সাহাবায়ে কেরাম ও তাবেঈনের অসংখ্য বক্তব্য সংরক্ষিত হয়েছে। ফলে প্রাচীন ইসলামী জ্ঞান ঐতিহ্য অনুধাবনের ক্ষেত্রে গ্রন্থটির গুরুত্ব অপরিসীম।

কিন্তু এত বড় একটি গ্রন্থকে নির্ভুলভাবে পাঠকের সামনে উপস্থাপন করা কোনো সাধারণ সম্পাদনার কাজ নয়। এর পেছনে প্রয়োজন দীর্ঘ অধ্যবসায়, অসংখ্য পাণ্ডুলিপির সন্ধান, নুসখাগুলোর পারস্পরিক তুলনা, সনদ ও মতনের সূক্ষ্ম পরীক্ষা এবং হাদিসের অন্যান্য মূল উৎসের সঙ্গে পাঠ মিলিয়ে দেখা।শায়খ মুহাম্মাদ আওয়ামা সেই কঠিন পথটিই বেছে নিয়েছিলেন।

তিনি বিভিন্ন স্থানে সংরক্ষিত পাণ্ডুলিপি সংগ্রহ করেন এবং সেগুলো পরস্পরের সঙ্গে তুলনা করে পাঠ নির্ণয়ের চেষ্টা করেন। কোনো একটি নুসখায় একটি শব্দ, অন্য নুসখায় আরেকটি শব্দ, কোনটি মূল? কোথাও বর্ণনাকারীর নামের সামান্য পরিবর্তন, কোথাও সনদের একটি অংশের ভিন্নতা, কোথাও নকলকারীর ভুলে একটি বাক্যের বিকৃতি, এসব ছোট ছোট পার্থক্যের আড়ালেই কখনো কখনো লুকিয়ে থাকে হাদিসের প্রকৃত পাঠ। একজন সাধারণ পাঠকের কাছে এগুলো হয়তো কয়েকটি অক্ষরের পার্থক্য। কিন্তু একজন মুহাদ্দিসের চোখে একটি অক্ষরও কখনো কখনো একটি ইতিহাস।

শায়খ আওয়ামার তাহকিকের পরিচিতিতে তাঁর এই নুসখা-তুলনা, পাঠ যাচাই এবং হাদিসের অন্যান্য নির্ভরযোগ্য গ্রন্থের সাহায্যে পাঠ সংশোধনের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এমনকি কোনো কোনো অংশের জন্য তাঁর হাতে একাধিক পাণ্ডুলিপিও ছিল,যেগুলো পরস্পরের সঙ্গে মিলিয়ে তিনি পাঠ নির্ধারণ করেছেন।

দীর্ঘ ১৭ বছরের এই শ্রমের ফল হিসেবে ‘মুসান্নাফ ইবনু আবি শায়বা’-এর যে সংস্করণ প্রকাশিত হয়, তা ২৬ খণ্ডে বিস্তৃত। এত বিশাল একটি গ্রন্থকে দীর্ঘ সময় ধরে গবেষণা করে প্রস্তুত করা যে কতখানি ধৈর্য, অধ্যবসায় ও ইলমি সতর্কতা দাবি করে, তা কেবল একজন গবেষকই উপলব্ধি করতে পারেন।

মুসান্নাফে ইবনে আবি শায়বা  ছাড়াও শায়খ মুহাম্মাদ আওয়ামা হাফি. এর উল্লেখযোগ্য কয়েকটি তাহকিক করা কিতাব হলো:

  • ইমাম আবু  দাউদ রাহি. এর `সুনানু আবি দাউদ‘ । শায়খ আওয়ামা হাফি. এর তাহকিক করা  নুসখা পৃথিবীর আহলে ইলমদের কাছে সমাদৃত।
  • ইমাম  ইবনে হাজার  আসকালানি রাহি. এর লেখা `কুতুবে সিত্তার বর্ণনাকারীদের সংক্ষিপ্ত জীবনী `তাক্বরীবুত তাহযীব‘। তাক্বরিবুত তাহযিবের  শুরুতে শায়খ মুহাম্মাদ আওয়ামা হাফি. অত্যন্ত শানদার একটি ভূমিকা লিখেছেন। বিশেষ করে ইবনে  হাজার আসকালানি রাহি. তাবাক্বাত তথা  বর্ণনাকারীদের স্থরবিন্যাস অত্যন্ত সহজভাবে বুঝিয়েছেন। আমাদের মতো অসংখ্য তালিবুল  ইলমে সেখান থেকে উপকৃত হয়েছে।
  • ইমাম যায়লায়ি রাহি. এর লেখা `নাসবুর রায়াহ ফি তাখরিজি আহাদিসিল হিদায়া‘। হেদায়া ফিকহে হানাফির পৃথিবী বিখ্যাত একটি বই। ইমাম মারগিনানি রাহি. লিখিত  হেদায়ার হাদিস যে কয়েকজন মনীষী তাখরিজ করেছেন, তাদের মাঝে অন্যতম হলেন ইমাম যায়লায়ি। হেদায়া লেখক যেমন বড় ফকিহ ছিলেন, তেমনি অনেক বড় মুহাদ্দিসও ছিলেন। হেদায়াতে হাদিসের  একটি বিশাল সম্ভার তিনি জমা করেছেন। ইমাম যায়লায়ি সেগুলো তাখরিজ তথা মূল উ’সগ্রনথ  থেকে বের করেছেন এবং  হাদিসের হুকুম নিয়ে আলোচনা করেছেন।  কিছু হাদিস এমন আছে, যেগুলো এমন যায়লায়ি পান নি। ইমাম কাসিম বিন কুতলুবুগা রাহি. সেগুলো পেয়েছিলেন এবং `মুনয়াতুল আলমায়ি‘ নামে স্বতন্ত্র কিতাবে সেগুলো নিয়ে আলোচনা করেছেন। শায়খ মুহাম্মাদ আওয়ামা হাফি. কিতাবটির হক আদায় করে তাহকিক করে ছাপিয়েছেন।
  • ইমাম যাহাবি রাহি. এর লেখা `আল কাশিফ‘। এটিও মূলত কুুতুবে সিত্তা তথা বুখারি, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাইদ, ইবনে মাজাহ এর বর্ণনাকারীদের সংক্ষিপ্ত জীবনী। শায়খ আওয়ামা হাফি. এটিও তাহকিক করে ছাপিয়েছেন। শুরুতে `দিরাসাতুল কাশিফ; নামে একটি দীর্ঘ ভূমিকা রয়েছে। আমাদের মতো   অসংখ্য তালিবুল ইলম  সেটা থেকে উপকৃত হয়েছে।

এছাড়াও শায়খের  তাহকিকৃত আরও অসংখ্য কিতাবাদি রয়েছে।  শায়খের নিজস্ব রচনাবলির মাঝে অন্যতম হলো:

১. أثر الحديث الشريف في اختلاف الأئمة الفقهاء

এটি শায়খ আওয়ামার সবচেয়ে প্রসিদ্ধ ও গুরুত্বপূর্ণ মৌলিক গ্রন্থগুলোর একটি। এখানে তিনি দেখিয়েছেন, ফকিহ ইমামগণের মধ্যে মতভেদ মানেই হাদিস অস্বীকার বা সুন্নাহ থেকে দূরে থাকা নয়; বরং একই হাদিসের গ্রহণযোগ্যতা, সনদ, অর্থ, প্রয়োগ, অন্যান্য দলিলের সঙ্গে সমন্বয় এবং নাসিখ-মানসুখ ইত্যাদি বিভিন্ন ইলমি কারণে ফিকহি মতভেদ সৃষ্টি হতে পারে।

২أدب الاختلاف في مسائل العلم والدين
এই গ্রন্থে শায়খ আওয়ামা আলেমদের মতভেদের শরঈ ও নৈতিক শিষ্টাচার নিয়ে আলোচনা করেছেন। মুসলিম আলেমদের মধ্যে ফিকহি মতভেদ নতুন কোনো বিষয় নয়; কিন্তু মতভেদের সময় পরস্পরের প্রতি সম্মান, حسن الظن, ইলমি ন্যায়পরায়ণতা ও সহনশীলতা কীভাবে বজায় রাখতে হয়—গ্রন্থটির অন্যতম মূল শিক্ষা।

এটি তাঁর أثر الحديث الشريف গ্রন্থের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং বর্তমানে উভয় গ্রন্থ একত্রেও প্রকাশিত হয়েছে।

৩. معالم إرشادية لصناعة طالب العلم

তালিবুল ইলমদের জন্য এটি অত্যন্ত মূল্যবান একটি তারবিয়াতি ও মানহাজি গ্রন্থ। কীভাবে একজন ছাত্র ইলম অর্জন করবে, কীভাবে কিতাব পড়বে, উস্তাদের সঙ্গে সম্পর্ক কেমন হবে, পড়াশোনার ক্ষেত্রে ধৈর্য, শৃঙ্খলা, অধ্যবসায় ও সঠিক অগ্রাধিকার কী হওয়া উচিত, এসব বিষয়ে শায়খ তার দীর্ঘ শিক্ষাজীবনের অভিজ্ঞতা থেকে দিকনির্দেশনা দিয়েছেন।

৪. حجية أفعال رسول الله صلى الله عليه وسلم أصولياً وحديثياً
এটি বইয়ের বিষয় তুলনামূলকভাবে গভীর  । রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করেছেন, এটি প্রমাণিত হওয়ার পর সেই কাজ উম্মতের জন্য কী ধরনের শরঈ দলিল বহন করে, কোন কাজ অনুসরণীয়, কোনটি বিশেষভাবে তার জন্য প্রযোজ্য, কোন কাজ ইবাদত হিসেবে গণ্য হবে.  এসব মৌলিক প্রশ্ন এখানে আলোচিত হয়েছে।

শায়খের অফিসিয়াল জীবনীতে এটিকে তাঁর প্রধান মৌলিক রচনাগুলোর মধ্যে উল্লেখ করা হয়েছে।

৫. حكم العمل بالحديث الضعيف بين النظرية والتطبيق والدعوى

দুর্বল হাদিস দিয়ে ফজায়েল, তারগিব, তারহিব ইত্যাদি ক্ষেত্রে আমল করা যায় কি না? এটি হাদিসশাস্ত্রের বহুল আলোচিত একটি বিষয়। শায়খ আওয়ামা এখানে শুধু তাত্ত্বিক আলোচনা করেননি; বরং মুহাদ্দিসদের বক্তব্য, বাস্তব প্রয়োগ এবং পরবর্তী সময়ে এ বিষয়ে প্রচলিত বিভিন্ন দাবির মধ্যে পার্থক্য তুলে ধরেছেন।

৬. من صحاح الأحاديث القدسية
এটি সাধারণ পাঠক ও দ্বীনের শিক্ষার্থীদের জন্য তুলনামূলকভাবে সহজবোধ্য ধরনের কাজ। হাদিসে কুদসির মধ্য থেকে নির্ভরযোগ্য বর্ণনাগুলো নির্বাচন করে পাঠকের সামনে উপস্থাপন করা হয়েছে।

৭. كلمات عن منهج الإمام البخاري في صحيحه
এখানে শায়খ আওয়ামা ইমাম বুখারি রহ.এর সহিহ সংকলনের পদ্ধতি, অধ্যায় বিন্যাস, হাদিস নির্বাচনের বৈশিষ্ট্য এবং তাঁর সূক্ষ্ম ইলমি মানহাজের কিছু দিক তুলে ধরেছেন।

এছাড়াও শায়খ মুহাম্মাদ আওয়ামা হাফি. এর অসংখ্য রচনাবলি রয়েছে, যেগুলো দ্বারা  পুরো পৃথিবীর জ্ঞান পিপাসুরা তাদের জ্ঞাস তৃঞ্ষা নিবারণ করছে।

শায়খ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ, শায়খ মুহাম্মাদ  আওয়ামা, আমাদের ছোটকালে এ নামগুলোর সাথে আমরা পরিচিত হয়েছি মাসিক আল কাউসার এর মাধ্যমে। শায়খ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহি. আমাদের জাতীয় খতিব মাওলানা মুহাম্মাদ আবদুল  মালেক হাফি. এর সরাসারি উস্তাদ। শায়খ আওয়ামাও আবু গুদ্দাহ রাহি. এর শীষ্য। এ হিসেবে দুইজনের ইলমি সম্পর্ক খুব গভীর। শায়খ আওয়ামা এর তাহকিককৃত মুসান্নাফে ইবনে আবি শায়বা প্রকাশিত হওয়ার পর তিনি বাংলাদেশের মাদরাসাগুলোর জন্য কিছু কপি পাঠিয়েছিলেন মাওলানা আবদুল মালেক সাহেবের মাধ্যমে।

বয়স যত বেড়েছে, শায়খ আওয়ামার সাথে আমাদের পরিচয় তত নীবিড় হয়েছে তার রচনাবলি  থেকে ফায়দা লাভের মাধ্যমে।

আমাদের  মিশকাতের বছর হজ্বের সফরে আমাদের উস্তাদ মাওলানা আরিফ উদ্দিন মারুফ সাহেব শায়খ আওয়ামা  এর সাথ মদিনায় সাক্ষাত করেন। তিনি এসে সাক্ষাতের মধুর মুহূর্ত এবং শায়খের নসিহা আমাদের শুনিয়েছিলেন। মারকাযুদ দাওয়াহ তে যখন তাখাসসুস ফি উলূমিল হাদিস পড়ি, মাওলানা আবদুল মালেক সাহেবের কল্যাণে শায়খ মুহাম্মাদ আওয়ামা হাফি.  কে আরও নীবিড়ভাবে জানার সুযোগ হয়। তার  লিখিত এবং তাহকিকৃত অনেক বই থেকে নিয়মিত ইসতেফাদা করার সুযোগ আমাদের হয়।

তুরস্কের ভিসা  হওয়ার পর রাশেদ  ভাইকে শায়খ আওয়ামা হাফি. এর সাথে সাক্ষাত করার  ব্যাপারটি খুব গুরুত্ব দিয়ে  বলি। রাশেদ ভাই  হাইআতু উলামার সাথে কথা বলে শায়খের ছেলে মুহিউদ্দিন আওয়ামা হাফি. এর সাথে কথা বলেন। শায়খ আওয়ামা বয়সের ভারে নুয়ে পড়েছেন। আমরা যাওয়ার  কয়েকদিন আগে শায়খের অপারেশন হয়েছে। তারপরও বৃহস্পতিবার সকাল দশটায় আমাদের সময় দিলেন।

ইস্তাম্বুলে সকাল নয়টা থেকে অফিস শুরু হওয়ার কারণে এ সময় রাস্তায় ট্রাফিক সিগন্যাল থাকে। শায়খ আওয়ামার  বাসা ইস্তাম্বুলের এশিয়া অংশে। রাশেদ ভাই জানালেন, সাড়ে আটটার মধ্যে আমরা প্রস্তুত হয়ে নিচে থাকতে। আমরা নিচে নেমে দেখলাম,  সিরিয়ার শায়খ সালেহ মিকাতি, শায়খ মুনির সহ একদল আলেমও  আজকের পুরো সফরে আমাদের সাথে থাকবেন। একটি মিনিবাসে চড়ে আমরা  এগুতে থাকলাম। বসফরাসের  উপরে নির্মিত বিখ্যাত ঝুলন্ত ব্রীজ পাড়ি  দিয়ে প্রথমবারের মতো আমরা ইস্তাম্বুলের এশিয়ান অংশে গেলাম। বেশ কিছুক্ষণ পর একটি পাহাড় বেয়ে ধীরে ধীরে গাড়ি নিচে  নামতে থাকল। অর্ধেকের বেশি নামার পর ডান দিকে ইউটার্ন নিয়ে শায়খ মুহাম্মাদ আওয়ামার বাসার সামনে গাড়ি  থামল। আমরা যেহেতু দশটার বিশ মিনিট আগে পৌঁছে  যাই, এজন্য কিছুক্ষণ গাড়িতে অপেক্ষা করি। দশটা বাজার পাঁচ মিনিট আগে শায়খ মুহিউদ্দিন আওয়ামা আমাদের কাফেলাকে স্বাগত জানান। ড. নাওয়াফ তাকরুরিও ঠিক সময়ে চলে আসেন। তার  সাথে হাইআর আরও কয়েকজন দায়িত্বশীল ছিলেন।

মুহিউদ্দিন আওয়ামা হাফি. ওনিও অনেক বড় মুহাক্কিক আলেম। তার সাথে কিছুক্ষণ গল্প করার মাঝেই ধীরপায়ে লিফট থেকে নেমে শায়খ মুহাম্মাদ আওয়ামা হাফি. এগিয়ে এলেন। আমরা প্রত্যেকে শায়খের সাথে মুসাফাহা করলাম। তিনি অন্তত ক্ষীণ কণ্ঠে আমাদের হাল পুরসি করলেন। শায়খ মুহিউদ্দিন আওয়ামার নির্দেশে রাশেদ  ভাই আমাদের সকলের পরিচয় তুলে ধরলেন।

মাওলানা হিফজুর রহমান সাহেবের পরিচয় দেওয়ার সাথে সাথে শায়খ তাকে চিনে ফেললেন। মুহিউদ্দিন আওয়ামা বললেন, আপনার লেখা `আল জাওয়াহিরুল মুজিয়া‘ আমাদের মাকতাবায় রয়েছে। আমার পরিচয় দিতে গিয়ে রাশেদ ভাই, বললেন, ওনি বাংলাদেশের তরুণ আলেম, দায়ী ইত্যাদি। আমি  সাথে যোগ  করলাম, আমি মাওলানা আবদুল মালেক সাহেবের ছাত্র। তার মারকাযুদ দাওয়াহ তে উলুমূল হাদিস পড়েছি। শায়খ খুব খুশি প্রকাশ করলেন এবং জিজ্ঞাসা করলেন, মাওলানা আবদুল মালেক কেমন আছেন? তাকে আমার সালাম দিও।

পরিচয় পর্ব  শেষ হওয়ার পর মাওলানা হিফজুর রহমান সাহেব তার লিখিত কয়েক খণ্ডের হিন্দুস্তানি আলেমদের জীবনী সংক্রান্ত বইটি শায়খকে হাদিয়া দেন। মাওলানা মাহফুজুল হক তার পিতা শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রাহি.  এর  লিখিত কবিতা সমগ্র `দেওয়ানে আজিজ‘ হাদিয়া দেন।

আমার লিখিত বার মাসের করণীয় ও বর্জনীয়‘ বইয়ের আরবি সংস্করণ  প্রস্তুত করেছেন  স্নেহের ছাত্র মাশহুদ আহমদ সোহাগ আযহারি। দারুল লুবাব থেকে বইটি প্রকাশের ধারপ্রান্তে রয়েছে। আমি ইস্তাম্বুল সফরের জন্য কয়েকটি নুসখা প্রকাশকের মাধ্যমে প্রস্তুত করে নিয়ে যাই। শায়খ আওয়ামা হাফি. কে বললাম, এ কিতাবটি প্রকাশের পথে। আপনার দোয়া লাভের জন্য একটি নুসখা প্রস্তুত করে নিয়ে এসেছি আপনাকে হাদিয়া দেওয়ার জন্য। শায়খ খুশি হলেন। হাতে নিয়ে নেড়েচেড়ে দেখলেন। বরকতের দোয়া করলেন ।

মাওলানা হিফজুর  রহমান সাহেব আমাদের কিছু নসিহত করার অনুরোধ করলেন। শায়খ আওয়ামা হাফি. তখন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নসিহত করলেন। আমি দেখলাম শায়খ সালেহ মিকাতি  ভিডিও করছেন। আমিও সাহস করে ভিডিও করলাম। আমার দেখাদেখি সুলাইমান ভাইও ভিডিও করলেন। শায়খের পুরো নাসিহা ধারণকৃত ভিডিও থেকে  পাঠকের জন্য  অনুবাদ করে দিচ্ছি।  শায়খ বলেন:

আপনাদের মতো জ্ঞান ও মর্যাদার অধিকারী সম্মানিত ব্যক্তিবর্গের সামনে উপদেশ দিতে আমি কিছুটা লজ্জাবোধ করছি। তবুও আমার অভ্যাস এবং আপনাদের অনুমতিসাপেক্ষে কয়েকটি উপদেশ দিতে চাই:

এক.

যুবকরা শোনো! আমরা ইলমে দীনকে একটি লক্ষ্যে পৌঁছার মাধ্যম হিসেবে গ্রহণ করবো। আর সেই লক্ষ্যটি হচ্ছে ইলমের সঙ্গে আমলের সমন্বয়। শুধুমাত্র ইলম অর্জনই শেষ কথা নয়; মূল উদ্দেশ্য হলো, ইলম অনুযায়ী আমল করা।

দুই.

আমরা সময়ের প্রতি লক্ষ্য রাখবো এবং কোন কাজে নিজেদের সময় ব্যয় করছি, সেই হিসাব রাখবো।

আমরা যারা তালেবে ইলম, আমাদের সময় ও জীবনের প্রতিটি মুহূর্ত শুধু নিজেদের জন্য নয়; বরং এটি সেই উম্মাহর আমানত, যারা আমাদের অপেক্ষায় আছে। তারা এমন আলেম ও নেককার মানুষের অপেক্ষায় আছে, যারা তাদের দ্বীন শেখাবেন এবং আল্লাহর পথে পরিচালিত করবেন।

 

আমাদের সময় শুধু আমাদের সম্পদ নয়; বরং তাদেরও সম্পদ। তাই আমাদের উচিত নিজেদের সময় ও জীবনের ব্যাপারে হিসাব নেওয়া। সময়ের ব্যাপারে কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। সবসময় আমাদের চেষ্টা করতে হবে, সময়কে কাজে লাগিয়ে নিজে উপকৃত হওয়া এবং অন্যকে উপকৃত করা।

তিন.

ইলমে দীনের ক্ষেত্রে আমরা যে কথাই বলি বা লিখি, তা যাচাই-বাছাই করে বলা ও লেখা জরুরি। কারণ এই ইলম হলো দীন। তাই এই দ্বীনকে যথাযথভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে আমাদের অত্যন্ত সতর্ক ও যত্নবান হতে হবে।

চার.

আমরা যেন আমাদের সমস্ত কাজ ও পেশাকে ইলমে দীনের মর্যাদা রক্ষার জন্য নিবেদিত করি। কারণ এই ইলম হলো আল্লাহ্‌ তাআলার পক্ষ থেকে অর্পিত দায়িত্ব এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরাধিকার।

আমরা যেন এই ইলমকে দুনিয়ার আমির-উমারা, শাসক-সুলতান, ধনী ব্যক্তি ও দুনিয়াদার লোকদের সঙ্গে ঘনিষ্ঠতা অর্জনের জন্য কলুষিত না করি।

যুবকরা ভালো করে শোনো! আমরা যদি এই ইলমের মর্যাদা রক্ষা করি, তাহলে আমরা সত্যিকার অর্থেই তালেবে ইলম হিসেবে দীনের সেবক হতে পারব। তাই এই ইলমের মর্যাদা রক্ষার ব্যাপারে আমাদের অত্যন্ত সচেতন ও যত্নবান হতে হবে।

তোমরা খবর নিলে জানতে পারবা, যারাই আমার কাছে উপদেশ নিতে এসেছে, তাদেরকে এই বিষয়টি বারবার গুরুত্ব দিয়ে বলেছি। কারণ তালেবে ইলমদের জন্য এটি অত্যন্ত জরুরি। কিছু লোকের অসতর্কতা কিংবা বাড়াবাড়ির কারণে যেন এই ইলমের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা আমির-উমারা ও শাসকদের তোষামোদ ও চাটুকারিতায় লিপ্ত না হন।

সর্বোপরি একজন তালিবে ইলমের কর্তব্য হলো, ইলমের মর্যাদা রক্ষা করা এবং দীনের সেবা করা। দুনিয়াবি ক্ষমতাবানদের সন্তুষ্টির জন্য ইলমকে ব্যবহার যেন না করে।

পাঁচ.

পঞ্চম উপদেশ হিসেবে আমি নিজেকে এবং আমার তালেবে ইলম ভাইদের সবসময় তিনটি দোয়া করার উপদেশ দিই।

১. এটি একটি সুন্দর মাসনুন দোয়া। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর এই দোয়া করতেন:

 

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا طَيِّبًا، وَعَمَلًا مُتَقَبَّلًا

 

হে আল্লাহ! আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র ও হালাল রিজিক এবং আপনার নিকট গ্রহণযোগ্য আমল প্রার্থনা করছি।[1]

হে যুবক ভাইয়েরা! বাস্তবতা হলো, দিনের শুরুতেই প্রত্যেক মুসলিমের এই দোয়াটির প্রয়োজন রয়েছে। আপনি যদি তালেবে ইলম হন, তাহলে আল্লাহর কাছে ইলমে নাফে বা উপকারী জ্ঞান চাইবেন। আর আপনি যদি জীবিকার সন্ধানী হন, তাহলে হালাল ও পবিত্র রিজিক চাইবেন।

একইভাবে, আপনি যদি দুনিয়াবি কোনো কাজে নিয়োজিত থাকেন, ২৪ ঘণ্টার মধ্যে এমন কোনো সময় নেই, যখন আপনি আল্লাহর নৈকট্য লাভের জন্য কোনো না কোনো আমল করতে পারবেন না। অন্তত পাঁচ ওয়াক্ত নামাজ তো আপনার ওপর ফরজ।

তাই সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করবো, তিনি যেন আমাদের জ্ঞানকে উপকারী করেন, রিজিককে হালাল ও পবিত্র করেন এবং আমাদের আমলগুলো কবুল করেন।

 

২. দ্বিতীয় দোয়াটি হজরত আবু বকর সিদ্দিক রা.-এর একটি দোয়া। এটি পবিত্র কুরআনের একটি আয়াত:

رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً ۖ إِنَّكَ أَنْتَ الْوَهَّاب

হে আমাদের রব! আপনি আমাদের হেদায়াত দেওয়ার পর আমাদের অন্তরগুলোকে বক্র করে দেবেন না। আর আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। নিশ্চয়ই আপনিই মহাদাতা।- সৃুরা  আল ইমরান: ৮।

হে যুবক ভাইয়েরা! একজন তালেবে ইলমের জন্য এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু জ্ঞান অর্জন করাই যথেষ্ট নয়; বরং জ্ঞান অর্জনের পর যেন আমাদের অন্তর হেদায়াতের ওপর অটল থাকে, গোমরাহি ও বক্রতা থেকে নিরাপদ থাকে; এজন্যও আল্লাহর কাছে দোয়া করতে হবে।

৩. তৃতীয় দোয়াটি হজরত আবদুল্লাহ ইবনে উমর রা.  সিজদায়ে তিলাওয়াতের সময় পড়তেন—

اللَّهُمَّ لَكَ سَجَدَ سَوَادِي، وَبِكَ آمَنَ فُؤَادِي، اللَّهُمَّ ارْزُقْنِي عِلْمًا يَنْفَعُنِي، وَعَمَلًا يَرْفَعُنِي

হে আল্লাহ! আমার দেহ আপনার জন্যই সিজদাবনত হয়েছে এবং আমার অন্তর আপনার ওপরই ঈমান এনেছে। হে আল্লাহ! আমাকে এমন জ্ঞান দান করুন, যা আমাকে উপকৃত করবে এবং এমন আমল দান করুন, যা আমাকে মর্যাদায় উন্নীত করবে।[2]

হে তালেবে ইলম ভাইয়েরা! আমাদের জন্য এই দোয়াটি অত্যন্ত প্রয়োজনীয়। লক্ষ্য করে দেখুন, এখানে উপকারী জ্ঞান চাওয়ার আগে কী সুন্দর ভূমিকা রয়েছে!

প্রথমে বলা হচ্ছে,

لَكَ سَجَدَ سَوَادِي، وَبِكَ آمَنَ فُؤَادِي

আমার দেহ আপনার জন্য সিজদাবনত হয়েছে এবং আমার অন্তর আপনার ওপর ঈমান এনেছে।

 

এরপর চাওয়া হচ্ছে

 

اللَّهُمَّ ارْزُقْنِي عِلْمًا يَنْفَعُنِي، وَعَمَلًا

يَرْفَعُنِي

হে আল্লাহ! আমাকে এমন জ্ঞান দান করুন, যা আমাকে উপকৃত করবে এবং এমন আমল দান করুন, যা আমাকে উন্নত করবে।

তাই আমরা যারা তালেবে ইলম, আমাদের উচিত, শুধু বেশি জ্ঞান অর্জনের জন্য নয়, বরং উপকারী জ্ঞান এবং সেই জ্ঞান অনুযায়ী আমল করার তাওফিকের জন্যও নিয়মিত আল্লাহর কাছে দোয়া করা।

শায়খের  নাসিহা শেষ হলে রুমে  পিনপতন নীরবতা নেমে  এল। ড. নাওয়াফ তাকরুরি হাইআতু উলামা কার্যক্রম সম্পর্কে জানালেন। শায়খ সালেহ মিকাতির পিতা শায়খ মুহাম্মাদ আওয়ামার ঘনিষ্টজন ছিলেন। মুহিউদ্দিন আওয়ামার সাথেও দেখলাম ওনার বেশ হৃদ্যতাপূর্ণ্য সম্পর্ক। মাওলানা হিফজুর রহমান কুমিল্লায়ি হাফি. শায়খের  কাছে হাদিসের ইজাযাহ চাইলেন। তিনি আবু দাউদ শরিফের মুসালসাল বিল আওয়ালিয়্যাহ এর হাদিসটি সনদসহ পড়লেন। হাদিসটি হলো:

حدثنا مسدد وأبو بكر بن أبي شيبة المعنى قالا ثنا سفيان عن عمرو عن أبي قابوس مولى لعبد الله بن عمرو عن عبد الله بن عمرو

يبلغ به النبي صلى الله عليه و سلم ” الراحمون يرحمهم الرحمن ارحموا أهل الأرض يرحمكم من في السماء

দয়ালুরা পরম দয়াময় আল্লাহর দয়া লাভ করবে। তোমরা পৃথিবীর অধিবাসীদের প্রতি দয়া করো, তাহলে আসমানের অধিবাসী তোমাদের প্রতি দয়া করবেন।[3]

এটি সাধারণত কোনো মুহাদ্দিস তাঁর ছাত্রকে প্রথম হাদিস হিসেবে শিক্ষা দেওয়ার মাধ্যমে শুরু করেন। অর্থাৎ কোনো শায়খের কাছে ছাত্র যখন প্রথম হাদিসের দরস গ্রহণ করে, শায়খ বলেন:

هذا أول حديث سمعته من شيخي…

“এটি সেই প্রথম হাদিস, যা আমি আমার শায়খের কাছ থেকে শুনেছিলাম…”

তারপর তিনি সনদ বর্ণনা করেন। এভাবে পরবর্তী প্রজন্মের শায়খরাও তাঁদের ছাত্রদের কাছে একই হাদিসকে প্রথম হাদিস হিসেবে বর্ণনা করেন। তাই একে বলা হয়:

المسلسل بالأولية  মুসালসাল বিল-আওয়ালিয়্যাহ।

শায়খ আমাদের হাদিসের অনুমতি দিয়ে ধন্য করলেন। মাওলানা হিফজুর রহমান সাহেব শায়খের মাকতাবা দেখতে চাইলেন। শায়খ অনুমতি দিলেন এবং বললেন, মুহি উদ্দিন আওয়ামা আপনাদের ঘুরে দেখাবেন।

শায়খ আমাদের থেকে বিদায় নিলেন। আমি শায়খের হাতে চুমো খেলাম। কিছুক্ষণ শায়খ মুহিউদ্দিন আওয়ামার সাথে গল্প করলাম। তিনি আমাদের জানালেন, কিছুদের মধ্যে শায়খের তাহকিককৃত তিরমিজি আসবে। আমি বললাম, আশা করছি তিরমিজির সবচেয়ে বিশুদ্ধ নুসখা পাচ্ছি। তিনি বললেন, ইনশাআল্লাহ। এরপর তিনি আমাদের শায়খের মাকতাবা দেখাতে নিয়ে গেলেন।

নিচতলায়  শায়খের মাখতুতা তাহকিক করার জন্য । পৃথিবীর নানা দেশের ১৭ জনের মতো গবেষক এখানে কাজ করেন। যে রুমে বসে বিভিন্ন মাখতুতা যাচাই করা হয়, সে রুমও দেখলাম। শায়খ মুহিউদ্দিন আওয়ামা একটি এক্সরে মেশিনের মতো যন্ত্র দেখালেন, যেটাতে মাখতুতাগুলো ফটো তুলে রাখা হয়। সারা জীবন দেখলাম ফ্রিজে খাবার সংরক্ষণ করা হয়। শায়খ মুহাম্মাদ আওয়ামার বাসায় একটি অত্যাধুনিক ফ্রিজ দেখলাম, যাতে মাখতুতা সংরক্ষণ করে রাখা হয়। এখানে সংরক্ষণ করে রাখলে মাখতুতায় আর পোকা ধরে না।

উপরের তলায় সারি সারি কিতাব । গিয়ে দেখলাম এক কোণে শায়খ মুহাম্মাদ আওয়ামা বসে আছে   সম্পাদনা করছেন। শায়খ মুহিউদ্দিন আওয়ামা আমাদের কিতাবাদির সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছিলেন।  হাদিসের ব্যাখ্যাগ্রন্থের গ্যালারিতে গেলে শায়খ মুহাম্মাদ আওয়ামা নিজে ওঠে বাংলাদেশের মাওলানা আবদুল মতিন হাফি.  এর লেখা তিরমিজির ব্যাখ্যাগ্রন্থ ‘কিফায়াতুল মুগতাযি’ দেখালেন। তিনি মাওলানা আবদুল মতিন হাফি. এবং তার লেখা ব্যাখ্যাগ্রন্থের ভূয়সি প্রশংসা করলেন।

ফেরার পথে শায়খ মুহি উদ্দিন আওয়ামা তার সদ্য প্রকাশিত দুটি  বই আমাদের হাদিয়া দিলেন। আমার কাছে দুটি কপি দিলেন মাওলানা আবদুল মালেক সাহেবের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা বিদায় নিয়ে এক বুক স্মৃতি নিয়ে শায়খ ‍মুহাম্মাদ আওয়ামার বাসা থেকে বেরিয়ে আসলাম।

[1]  ইবনে মাজাহ: হাদিস নং ৯২৫, মুসনাদে আহমদ: ২৬৫৬৪।

[2]  মুসান্নাফে ইবনে আবি শায়বা: হাদিস নং ৪৪০৬।

[3] আবু দাউদ: হাদিস নং ৪৯৪১।

Check Also

আকাবিরদের কলমে ফিকরে দেওবন্দ

দেওবন্দ একটি গতানুগতিক প্রতিষ্ঠানের নাম নয়। খলিফা উমর রা. এর যুগে ইসলাম এসেছিল ভারত উপমহাদেশে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *